‘তারেককে বলব দেশে আসো, গ্রেপ্তার করলে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করব’

তারেক রহমানকে গ্রেপ্তার করা হলে বোনের (প্রধানমন্ত্রী) কাছে সুপারিশ করার আশ্বাস দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ শনিবার বিকেলে সখীপুর পিএম পাইলট মডেল গভার্মেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বিএনপি নেতা তারেক জিয়ার উদ্দেশে বলেন, ‘তিনি দেশে না এসে লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন। সেই ষড়যন্ত্র হজম করার ক্ষমতা বাঙালির আছে। আমেরিকা আমাদের কিছুই করতে পারবে না। ১৯৭১ সালে আমেরিকা সপ্তম নৌবহর এনে আমাদের পরাজিত করতে পারে নাই। এবার অষ্টম নৌবহর এনেও পরাজিত করতে পারবে না।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘পুলিশ সিল দেবে, তারপর নৌকার নেতা হবে, এ নেতৃত্ব আমি চাই না।’

তিনি বলেন, ‘আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, মন্ত্রী হওয়ার জন্যও রাজনীতি করি না। আমি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করি। আমি যদি আগামীকাল এমপি হতে চাই, আমার বোনকে (শেখ হাসিনা) বললেই হবে। আমি ২০১৮ সালের মতো এমপি হতে চাই না।’