দেশকে ধ্বংসের দিকে ঠেলবেন না: গণসংহতি আন্দোলন

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান অভিযোগ করেছেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশ সদস্যের নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে যুক্ত করে মিথ্যাচার ও কুৎসা রটানো হচ্ছে। 

আজ শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলবেন না।

বিবৃতিতে আবুল হাসান বলেন, সরকারের নিপীড়ন ও নির্যাতন থেকে জনগণের চোখ অন্য দিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। জনগণের নিয়মতান্ত্রিক আন্দোলনের ওপর সরকার ভয়াবহ নির্যাতন–নিপীড়ন করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে কারও ক্ষমতাই চিরস্থায়ী হয় না। সরকারের নিপীড়ন ও নির্যাতন থেকে জনগণের চোখ অন্যদিকে ফেরানোর চেষ্টায় এসব মিথ্যা ও বানোয়াট ভিডিও ছড়ানো হচ্ছে।