গাজার জন্য ২৫০ মিলিয়ন রিয়াল সাহায্য সৌদির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর জন্য সহায়তা তহবিল সংগ্রহের কার্যক্রম চালু করেছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ৫০ মিলিয়ন সৌদি রিয়াল দেওয়ার মাধ্যমে তা উদ্বোধন করেন। গত ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালুর পর প্রথম দুই দিনে ৪ লাখের বেশি মানুষ আড়াইশ মিলিয়ন রিয়ালের বেশি অনুদান দিয়েছেন। অনুদান প্রদানের ধারা অব্যাহত রয়েছে।

রিয়াদভিত্তিক আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএস রিলিফ) মাধ্যমে তহবিল সংগ্রহের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রয়াল কোর্টের উপদেষ্টা ও কেএস রিলিফের তত্ত্বাবধায়ক ডা. আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-রাবিয়াহ বলেন, ‘কেএস রিলিফের সাহেম (যঃঃঢ়ং://ংধযবস.শংৎবষরবভ.ড়ৎম/এধুধ) অ্যাপের মাধ্যমে কিংবা আল-রাজি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান দেওয়া যাবে। পাঠানো অর্থ থেকে কোনো ধরনের ফি কাটা হয় না, বরং পুরো অর্থ নির্দিষ্ট সুবিধাভোগীদের কাছে পৌঁছানো হবে।’

এদিকে সৌদি আরবের শীর্ষ আলেমদের সংগঠন কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান ও গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ দেশটির মুসলিমদের এই তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানান। তিনি নিজেও গাজাবাসীর জন্য ২ লাখ রিয়াল অনুদান দিয়েছেন উপহার হিসেবে। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার সৌদি সরকার পরিচালিত একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। ২০১৫ সাল থেকে সংস্থাটি বিশ্বের ৯৩টি দেশে মানবসেবামূলক কার্যক্রম চালু রেখেছে।