মতিঝিলে সমাবেশ

হাজার নেতাকর্মী নিয়ে গণপূর্ত প্রতিমন্ত্রী

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন শেষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। গতকাল শনিবার দুপুরে গণপূর্ত ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে যানজটের নগরীতে যাত্রীদের স্বস্তির যাত্রা উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প বাস্তবায়ন করেছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেন সেটি বাস্তবে প্রমাণ করেন। পদ্মা সেতু, মেট্রোরেল বড় বড় প্রকল্প সবই তার প্রমাণ। তবে জামায়াত-বিএনপির দোসররা সব সময় ষড়যন্ত্র করে যাচ্ছে।

এ সময় হুঁশিয়ারি দিয়ে শরীফ আহমেদ বলেন, যারাই আসন্ন নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, প্রধানমন্ত্রীর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাধা প্রদান করবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।