ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে পেল স্বস্তির দেখা। শেষ মুহূর্তের গোলে ফুলহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল এরিক টেন হাগের দল। প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ম্যাচে ১-০ গোলে জিতেছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ৯১ মিনিটে ব্যবধান গড়ে দেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস, কদিন ধরেই যিনি ছিলেন সমালোচকদের তোপের মুখে।
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ৩-০ গোলে উড়ে যাওয়ার পর একই ব্যবধানে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে ছিটকে পড়ে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ে ফিরল তারা।
মার্কাশ র্যাশফোর্ডের অনুপস্থিতিতে প্রথমার্ধে ইউনাইটেডের আক্রমণ ছিল না ধার। ম্যানচেস্টার ডার্বিতে হারের পর জন্মদিনের পার্টি করতে নাইটক্লাবে যাওয়া এই ফরোয়ার্ডকে বাইরে রেখে ফুলহ্যাম ম্যাচের পরিকল্পনা সাজান এরিক টেন হাগ।
সপ্তম মিনিটে ফ্রি কিকের পর আলেহান্দ্রো গারনাচোর গোলমুখে বাড়ানো পাস টোকায় জালে জড়ান স্কট ম্যাকটমিনে। কিন্তু ভিএআরে বেশ কয়েকবার দেখার পর রেফারি জানান, অফসাইডে ছিলেন হ্যারি ম্যাগুইয়ার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কয়েকটি আক্রমণ করে ইউনাইটেড। কিন্তু জালের দেখা পাচ্ছিলেন না তারা। যোগ করা সময় একটু চাপে পড়ে বক্সেই ভুল পাস দিতে থাকে ফুলহ্যামের খেলোয়াড়রা। এমন একটি ভুল পাস থেকেই বল পেয়ে যান ফের্নান্দেস; জোরাল নিচু শটে ম্যাচের ভাগ্য গড়ে দেন এই পর্তুগিজ মিডফিল্ডার।