ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরাফাত হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে কালীগঞ্জের ফয়লা মিশনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন উপজেলা বলিদাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় বাসচালকের সহকারী।
স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে বাসচালককে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফিরছিল। পথে কালীগঞ্জ-কোলা সড়কের ফয়লা মিশনপাড়া নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।