সেমিফাইনালে উঠতে পাকিস্তানের করণীয়

নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল জয়ের পর পাকিস্তানের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা আরও উজ্জ্বল হয়েছে। তবে এখনও অনিশ্চয়তার সুতোয় ঝুলছে তাদের ভাগ্য। শেষ চারে জায়গা করে নিতে পরের ম্যাচটি কেবল জিতলেই হবে না তাদের, পক্ষে আসতে হবে আরও কিছু সমীকরণ।

বেঙ্গালুরুতে শনিবার আগে ব্যাটিং করে পাকিস্তানকে ৪০২ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় নিউজিল্যান্ড। শুরুতে উইকেট হারিয়ে হোঁচট খাওয়া এশিয়ার দলটিকে পরে টানেন ফখর জামান ও বাবর আজম। তাদের ইনিংসে বৃষ্টি হানা দিলে ডিএলএস পদ্ধতিতে ২১ রানে জেতে পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর ৮ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৮। সমান ম্যাচে কিউইদের পয়েন্টও ৮। এক ম্যাচ কম খেলা আফগানিস্তানের পয়েন্টও এই দুই দলের সমান। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় নিউজিল্যান্ড আছে চতুর্থ স্থানে। পাকিস্তান আছে পঞ্চম আর আফগানিস্তান ছয়ে।

ভারত ও দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনালের টিকেট। গতকাল ইংল্যান্ডকে হারিয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান উঠেছে অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেমিফাইনাল এখনো নিশ্চিত না হলেও তারা আছে ভালো অবস্থানে। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে শেষ চারে খেলার স্বপ্ন পূরণ করতে হলে কী করতে হবে—প্রশ্ন দলটির সমর্থকদের মনে।

পাকিস্তানের লড়াইটা মূলত নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে। ত্রিমুখী এ লড়াই জিতে শেষ চারে উঠতে পাকিস্তানকে নিজেদের ম্যাচটি জেতার পর তাকিয়ে থাকতে হবে বাকি দুই দলের দিকে। কিউইরা তাদের শেষ ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, ৯ নভেম্বর বেঙ্গালুরুতে। এই ভেন্যুতে নিউজিল্যান্ড কোনো সংস্করণেই এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি।

নিউজিল্যান্ড সেই ধারা বদলে বেঙ্গালুরুতে যদি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতে, তখন পাকিস্তানকে কী করতে হবে? নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কাকে ১ রানে হারায়, তখন নেট রানরেটে কিউইদের পেছনে ফেলতে ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় ১৩০ রানে জিততে হবে পাকিস্তানকে!

এখানেই শেষ নয়, আফগানিস্তানও আছে হিসাবের মধ্যে। আফগানিস্তানের শেষ দুটি ম্যাচ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই দুই ম্যাচের অন্তত একটিতে আফগানিস্তান হারলে এবং ইংল্যান্ড ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে নেট রানরেটের হিসাব মেলাতে পারলে বাবর আজমরা হয়তো খেলতে পারবেন সেমিফাইনালে।