ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের অন্যতম প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
শনিবার এক সংবাদ সম্মেললে তিনি এ হুমকি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা গাজা উপত্যকায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে খুঁজে বের করে হত্যা করবো।‘
তিনি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হলে গাজায় আর হামাস থাকবে না। ইসরায়েলের উপর গাজা থেকে আর কোন নিরাপত্তা হুমকি থাকবে না এবং গাজায় যারা মাথা উচু করে তাদের বিরুদ্ধে যে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য ইসরায়েলের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে।‘
এদিকে ইয়োভ গ্যালান্ট যখন এমন বক্তব্য দিচ্ছিলেন, তখন ইসরায়েলের সেনারা গাজায় হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র যুদ্ধ করছিল। জেরুজালেম পোস্ট জানিয়েছে, গতকালের লড়াইয়ে ইসরায়েলের অন্তত ৯জন সেনা নিহত হয়েছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ‘অপ্রতিরোধ্য’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হামাস ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠিটির যোদ্ধারা গাজা উপত্যকা থেকে বেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েন। ওই হামলায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৩৯ জনকে জিম্মি করে হামাস।
হামাসের হামলার প্রতিশোধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ৭ অক্টোবর থেকেই অব্যাহত ভয়াবহ বিমান হামলা ও গোলাবর্ষণ করছে ইসরায়েল। গত চার সপ্তাহে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে নয় হাজারে।