যারা আগুন লাগিয়েছে, তাদের অনেকের নাম পেয়েছি : ডিবি প্রধান

চলমান অবরোধ কর্মসূচির মধ্যে যানবাহনে অগ্নিকাণ্ড নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, ‘অবরোধ ডাকার পরে আগুন কারা লাগাচ্ছে আমরা জানি। তাদের নাম আমরা পেয়েছি, ছবি পেয়েছি। আমরা অবশ্যই তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।’

আজ রবিবার (৫ নভেম্বর) দুপুরে তার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান এ কথা বলেন। এ সময়  তিনি বলেন, একটি মানুষের শেষ সম্বল একটি বাস। যাত্রী পরিবহন করে তার সংসার চলে। তার একমাত্র অবলম্বন যদি রাত ৩টার সময় তারা আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে, তার জীবনটাই তো শেষ হয়ে যাবে।

হারুন আরো বলেন, প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি ২৮ তারিখ যারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, আমাদের পুলিশ ভাইকে হত্যা করেছে, অন্যান্য পুলিশ সদস্যদের মেরেছে এবং ওই দিন বাসে যারা আগুন লাগিয়েছে—তারাই তো পরদিন হরতাল ডেকেছে। হরতালের মধ্যেও আগুন লাগানোর ঘটনা ঘটছে।