কোথাও ৮০ রুপি তো কোথাও ৯০। নভেম্বরের শুরুতে পেঁয়াজ কিনতে গিয়ে চোখে পানি আসছে আমজনতার। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এটিই হতে পারে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির চিন্তার কারণ। সে কারণেই পেঁয়াজের দামে লাগাম টানতে উদ্যোগ নিল কেন্দ্র। এবার থেকে ভারতের বিভিন্ন প্রান্তে মাত্র ২৫ রুপিতে বিক্রি হবে কেজিপ্রতি পেঁয়াজ।
ন্যাশনাল অ্যাগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (নাফেদ) রাজ্যগুলোর খাদ্যদপ্তরের সঙ্গে যুগ্মভাবে পেঁয়াজ বিক্রি করবে। আর তাও কেজিপ্রতি মাত্র ২৫ রুপি। তবে একজন ক্রেতা একসঙ্গে দুই কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না। কালোবাজারি ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে কয়েকটি বড় শহরে সস্তায় পেঁয়াজ বিক্রি শুরু হয়েছিল। কিন্তু এবার সেটা আরও বড় পরিসরে বিক্রি হবে। ভারতের ২১টি রাজ্যের ৩২৯টি স্টলে পেঁয়াজ বেচবে নাফেদ। এছাড়া পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে আরেক কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশনও মাঠে নামছে। দেশের ২০টি রাজ্যে তাদের ৪৫৭টি নিয়ন্ত্রিত বাজার রয়েছে। সেখানেও ২৫ রুপিতে মিলবে পেঁয়াজ।
ভারতে উৎসবের মৌসুমে বাড়তে থাকা চাহিদা ও জোগানের ঘাটতির মেলবন্ধনের কারণেই পেঁয়াজের দাম বেড়েছে। তাছাড়া এবার বহু রাজ্যে বৃষ্টির পরিমাণ গড় পরিমাণের চেয়ে কম। অপরদিকে মহারাষ্ট্র সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৩০ শতাংশ কর চাপিয়েছে। ফলে অন্য রাজ্যে সেই পেঁয়াজ পৌঁছলেও দাম কমবে না বলে মনে করছে সংশ্লিষ্টদের একাংশ।