১৬ টাকায় মিলছে পাপমুক্তির সার্টিফিকেট!

ভারতের রাজস্থানের একটি মন্দিরে মাত্র ১২ রুপিতে মিলছে পাপমুক্তির সার্টিফিকেট, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ টাকা। পাপ ধুয়ে ফেলার আশায় ওই মন্দিরে দশনার্থীদের ভিড় লেগেই আছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পূণ্যলাভের আশায় বিশ্বাস থেকে মন্দিরে পূজা দেওয়া, পবিত্র নদী বা জলাশয়ে স্নান করেন অনেক ধর্মপ্রাণ মানুষ। তবে রাজস্থানের গৌতমেশ্বর মন্দির শুধু বিশ্বাসে আটকে থাকেনি। রীতিমতো পাপমুক্তির সার্টিফিকেট দেওয়া শুরু করেছে।

রাজস্থানের প্রতাপগড়ে জনপ্রিয় গৌতমেশ্বর মন্দিরের অবস্থান। কয়েক শতক ধরেই জনপ্রিয় এই মন্দির ‘আদিবাসীদের হরিদ্বার’ হিসাবেও পরিচিত। এই মন্দিরের মধ্যেই রয়েছে একটি জলাশয়। সেখানে স্নান করলে পূণ্য অর্জন হয় এবং সমস্ত পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস।

নন্দকিশোর শর্মা নামে মন্দিরের এক পুরোহিত বলেন, ‘গ্রামবাসী এবং আশপাশের এলাকার বাসিন্দারা নিজেরে ভুলের প্রায়শ্চিত্ত করতে এই মন্দিরে আসেন। পাপমুক্তির সার্টিফিকেট নিয়ে যায়।’

অপর পুরোহিত কানাইলাল শর্মা বলেন, ‘মনের মধ্যে পাপবোধ থাকলে মানুষ এখানে আসে। সব সময় যে তারা খুব অপরাধ করেন তা নয়। অনেক সময় কৃষিকাজ করতে গিয়ে অনিচ্ছাকৃত প্রাণী হত্যা হয়ে যায়। পোকা মেরে ফেলার মতো কাজ করেন অনেকে। এগুলো নিয়ে পাপবোধ করেন। তা থেকে মুক্তি পেতেও অনেকে আসেন সার্টিফিকেট নিতে।’

গৌতমেশ্বর মন্দির থেকে প্রতি বছর প্রায় ২৫০ থেকে ৩০০টি পাপমুক্তির সার্টিফিকেট দেওয়া হয়। তবে শুধু পাপমুক্তির জন্য নয়, এই শিব মন্দিরে পূজা দিতে প্রতি বছর হাজার হাজার ভক্ত ভিড় করেন।