অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার (৩ নভেম্বর) রাতে তাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার স্ত্রী দোলন রায় তাকে হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন।
দীপঙ্করের স্ত্রী অভিনেত্রী দোলন রায় জানান, সুগার ফল করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর। পরে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।
দোলন রায় আরও জানান, দীপঙ্কর দে অসুস্থ হয়ে পড়ায় বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে এখন অনেকটাই চিন্তামুক্ত। ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই তাকে ছেড়ে দেবে।
জানা যায়, দীর্ঘ ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের জানুয়ারিতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন দীপঙ্কর-দোলন। বয়স বেশি হওয়ায় এ তারকা দম্পতির বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়।
প্রতিথযশা এ অভিনেতা একাধারে নায়ক, খলনায়ক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল সত্যজিৎ রায়-এর সীমাবদ্ধ (১৯৭১)৷ এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের গণশত্রু (১৯৯০), শাখা প্রশাখা ( ১৯৯০) এবং আগন্তুক (১৯৯১) চলচ্চিত্রেও অভিনয় করেন।