ভারতের হরিয়ানায় এক প্রিন্সিপালের বিরুদ্ধে অর্ধশত ছাত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫৫ বছর বয়সী ওই প্রিন্সিপালকে আটক করা হয়েছে। চলছে তদন্তও। অভিযুক্ত হরিয়ানার জিন্দ শহরের একটি স্কুলের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানিয়েছে, ওই প্রিন্সিপাল স্কুলে বিভিন্ন অযুহাতে ছাত্রীদের নিজের কক্ষে ডাকতেন এবং তাদের শরীর স্পর্শ করতেন। এছাড়া বেশ কিছু ছাত্রীকে তিনি ফোনে অশালীন মেসেজ পাঠাতেন। গত ১৪ সেপ্টেম্বর ওই প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এরপর ৩০ অক্টোবর পুলিশ তাকে আটক করে, যা প্রকাশ্যে আসে আরও পরে।
হরিয়ানা মহিলা কমিশন জানিয়েছে, কয়েকজন ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পরে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর দপ্তর ও জাতীয় মহিলা কমিশনে চিঠি লিখে অভিযোগ জানায়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৭ অক্টোবর ওই প্রিন্সিপালকে বরখাস্ত করে সরকার। এর তিন দিন পর তাকে আটক করে পুলিশ।
হরিয়ানা মহিলা কমিশনের চেয়ারপারসন রেণু ভাটিয়া বলেন, ওই প্রিন্সিপালের বিরুদ্ধে কমপক্ষে ৬০ জন ছাত্রী অভিযোগ করেছে। এর মধ্য়ে ৫০ জন ছাত্রী তার হাতে যৌন হেনস্থার শিকার হয়েছে। বাকি ১০ জন ছাত্রী জানিয়েছে, তারা প্রিন্সিপালের অনৈতিক কার্যকলাপ সম্পর্কে জানত।