ইসরায়েল কি জিম্মিদের উদ্ধার করতে পারবে

প্রায় এক মাস ধরে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে একরোখা ইসরায়েল। দেশটির হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অবরুদ্ধ গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, যার ভুক্তভোগী হচ্ছে নারী ও শিশুরা।

সব মিলিয়ে গাজায় এখন মানবিক সংকট চলছে। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি পারবে হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করতে? 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, গাজায় জিম্মিদের সংখ্যা প্রায় ২০০ জন। জিম্মিদের সংখ্যা এত বেশি হওয়ার ফলে তাদের সবাইকে সামরিক শক্তি ব্যবহার করে উদ্ধার করা ইসরায়েলের পক্ষে কঠিন।

তিনি জানান, কাতারের মধ্যস্থতায় গত শুক্রবার দুজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আরও দুজনকে সোমবার মুক্ত করা হয়। কাতার মনে করে এভাবে আরও কিছু সংখ্যক জিম্মিকে ছাড়িয়ে আনা সম্ভব। তবে অনেকে মনে করছেন, ইসরায়েলি বাহিনীর গাজা আক্রমণ প্রতিহত করতেই হামাস সময় কাটানোর কৌশল নিয়েছে।

ফ্রাঙ্ক গার্ডনারের মতে, জিম্মি উদ্ধার করতে ইসরায়েল যথেষ্ট পারদর্শী। তাদের স্পেশাল ফোর্স ‘সায়রেত মতকল’ এ ধরনের উদ্ধারকাজের জন্য নিবিড়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। তবে এক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে

তিনি বলেন,জিম্মিদের একটা অংশ অথবা সবাইকেই মাটির নিচে টানেল বা বাঙ্কারে রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে জিম্মিদের অন্য গোপন আস্তানাতেও সরিয়ে নেওয়া হয়েছে। যদি হামাস জানতে পারে জিম্মিদের উদ্ধারের চেষ্টা চলছে, সেক্ষেত্রে, তারা হয়ত জিম্মিদের প্রথমেই হত্যা করার চেষ্টা করবে। তাই যে কোনো রকমের উদ্ধার তৎপরতাই ঝুঁকিপূর্ণ।