পুলিশকে টার্গেট করে মগবাজারে ককটেল বিস্ফোরণ

পুলিশকে টার্গেট করে রাজধানীর মগবাজার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ২০ জনের একটি টিম মগবাজার মোড়ে ডিউটি পালন করছিল। হঠাৎ করে বাংলামোটর থেকে মৌচাক ফ্লাইওভার থেকে পুলিশের পাশে ককটেল দুটি নিক্ষেপ করা হয়।

মগবাজার মোড়ের চা বিক্রেতা মমতাজ মিয়া জানান, মিনিটের ব্যবধানে ফ্লাইওভারের উপর থেকে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল মোড়ে ডিউটিরত পুলিশের পাশে বিস্ফোরণ হয়।

এ ঘটনার পরপরই মগবাজারে আরও পুলিশসহ র‍্যাব মোতায়েন করা হয়েছে।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, ঘটনার তিন মিনিটের মধ্যে র‍্যাবের চারটি টিম মগবাজার ঘটনাস্থলে পৌঁছায়। আমরা সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছি।