বিএনপি নেতাদের গ্রেপ্তারের ঘটনায় ইইউর উদ্বেগ

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালীন সংঘাত ও সহিংসতাকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার আহ্বান জানিয়েছে।

আজ রবিবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’

জোসেপ বোরেল লিখেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও যুবদলের এক নেতা নিহত হন। সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এর পর থেকে ঢাকাসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ।