তসলিমা নাসরিনের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ প্রকাশকের

জনপ্রিয় লেখক তসলিমা নাসরিনের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করলেন আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি। রবিবার (০৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডলে নতুন বইয়ের জন্য প্রকাশক চেয়ে একটি পোস্ট দেন তসলিমা। সেখানে এক পাঠকের মন্তব্যের প্রতিক্রিয়ায় আগামী প্রকাশনী অনুমতি ছাড়া তসলিমার বই ছাপাচ্ছে বলে অভিযোগ করেন লেখক। এরই পরিপ্রেক্ষিতে ওসমান গণি এ অভিযোগ করেন।

এর আগে তসলিমা তার ফেসবুক হ্যান্ডলে লেখেন- ‘৬২ হাজার শব্দের একখানা নন-ফিকশান বাংলা পান্ডুলিপি রেডি করেছি। বিষয় নারীর সমানাধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞানমনস্কতা, মানবতা।  কিন্তু পাবলিশার কোথায়? বড় পাবলিশাররা আমার নাম শুনে ভয় পান। ছোট পাবলিশাররা লেখকদের রয়্যালটি দেওয়ার অভ্যেস এখনও করেননি। তাই মাঝারি পাবলিশার খুঁজছি। যাঁরা ফালতু ভীতুর ডিম নন, যাঁরা ডিস্ট্রিবিউশান ভাল করেন, যাঁরা অ্যাডভান্স রয়্যাল্টি দেন, রয়্যালটি স্টেট্মেন্ট দেন, যাঁরা সৎ, শিক্ষিত, সচেতন। যাঁরা লেখকদের প্রাপ্য সম্মান দিতে জানেন। আছে এমন কেউ?’

তসলিমার মতো প্রতিষ্ঠিত লেখকের এমন পোস্ট পড়ে অবাক হন অনেকেই। মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি সেই পোস্টে মন্তব্য করেন ‘বাংলাদেশের আগামী প্রকাশনী আপনার বই ছাপবে না? আগামী প্রকাশনী ভালো রয়্যালটি দেয় শুনেছি। এছাড়া তাদের প্রচার ও ডিস্ট্রিবিউশন ভালো।’

এর প্রতিক্রিয়ায় তসলিমা লেখেন, ‘ওঁরা আমার অনুমতি ছাড়া আমার বই ছাপাচ্ছেন। আমার সঙ্গে যোগাযোগ নেই, আমাকে কোনও রয়্যালটি দেন না, কিন্তু বই ছাপান। নীলক্ষেতের পাইরেট ব্যবসায়ীদের মতো।’

তার এমন মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাইলে আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি বলেন,‘তসলিমার সব বই প্রকাশ করতে চেয়ে আমরা তার সাথে চুক্তি করেছিলাম। তাকে আগাম টাকা দিয়েছি, একাধিকবার রয়্যালটি দিয়েছি। আমি দিল্লিতে গিয়েও টাকা দিয়ে এসেছি। তারপরও তিনি চুক্তি ভঙ্গ করে অন্য প্রকাশকদের বই দিয়েছেন, এখন প্রকাশক খুঁজছেন ‘

তিনি আরও বলেন, ‘যে লেখক চুক্তি ভঙ্গ করেন, কথা রাখতে পারেন না, তার কুৎসায় বা মিথ্যাচারে আগামী (প্রকাশনী) ভয় পায় না। আমরা হুমায়ুন আজাদ, আহমদ ছফার প্রকাশক, আমরা শেখ হাসিনারও প্রকাশক, আমরা কাউকে ভয় পাই না। উনাকে যে সব বইয়ের আগাম টাকা দিয়েছি, সেসব বই এখনও পর্যন্ত তিনি দেননি।’

এদিকে ওসমান গণির বক্তব্যের বিষয়ে তসলিমার মন্তব্য জানতে চেয়ে তার ফেসবুকে হ্যান্ডল এবং ই-মেইলে যোগাযোগ করা হলেও তিনি এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া দেননি।