অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক যাত্রীও। রবিবার সকালে (০৫ নভেম্বর) স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মেলবোর্ন থেকে ১৪৫ কিলোমিটার উত্তরে গলবার্ন ওয়্যারের স্নিপে রোডের একটি ব্যক্তিগত মালিকানাধীন এলাকায় একটি জাইরোকপ্টার মাটিতে পড়ে যায়।
ভিক্টোরিয়া পুলিশ নিশ্চিত করেছে, বিমানটিতে পাইলটসহ দুইজন ছিলেন। এর মধ্যে পাইলট ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা আহত যাত্রী আশঙ্কামুক্ত। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা একে অপরের পরিচত এবং বিমানে ঘুরছিলেন।
এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশ ঘটনার প্রত্যক্ষদর্শী যে কাউকে সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও ফুটেজ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।