গাজীপুরের শ্রীপুরে বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে এক সিএনজি চালিত অটোরিকশাতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলিহাটি ইউনিয়নের এমসিবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে আগুনে সিএনজিটি পুড়ে ছাই হয়ে গেছে বলে চালক নিশ্চিত করেন।
স্থানীয়রা বলছে, পেট্রোল ভর্তি বোতল ছোঁড়ে সিএনজিতে আগুন দেয় একদল দুবৃর্ত্ত। তবে সিএনজিতে ৫ যাত্রীর কেউ আহত হয়নি।
সিএনজি অটোরিকশা চালক আবদুস সালাম জানান, মাওনা চৌরাস্তা থেকে জৈনাবাজারের দিকে ৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় এমসি বাজার এলাকায় গেলে সড়কের এক পাশ থেকে চলন্ত অটোরিকশায় ইটপাটকেল ছুড়তে থাকে একদল দুর্বৃত্ত। এ সময় অবস্থা বুঝতে সিএনজি থামালে তারা পেট্রোল ভর্তি বোতল ছোঁড়ে সিএনজিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সিএনজির ৫ যাত্রী দ্রুত নেমে পড়েন। কোনো কিছু বুঝে উঠার আগেই সিএনজি অটোরিকশাটি পুড়ে গেছে। তিনি দাবি করেন চলমান অবরোধ সমর্থনকারীরা এ আগুন দিয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি (ট্রাফিক) আনোয়ার হোসেন বলেন, সিএনজিতে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে এ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন।