লাতিনের সেরা ফ্লুমিনেন্স

একটা চ্যাম্পিয়নস লিগ জেতা সব ফুটবলারের কাছেই আরাধ্য বিষয়। ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো এই শিরোপা জিতেছেন পাঁচবার। এবার কোপা লিবের্তোদোরেসে চ্যাম্পিয়ন হয়ে মার্সেলো বললেন ভিন্ন কথা। দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়ন হওয়া তার কাছে রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জয়ের চেয়েও বেশি কিছু!

কোপা লিবের্তোদোরেসের ফাইনালে ফ্লুমিনেন্স ২-১ গোলে হারিয়েছে বোকা জুনিয়র্সকে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। ৯৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ফ্লুমিনেন্সের জেকে। এই প্রথম লিবের্তোদোরেস চ্যাম্পিয়ন হলো ব্রাজিলিয়ান ক্লাবটি। ফ্লুমিনেন্সের যুবদল থেকে উঠেই ২০০৫ সালে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয়েছিল মার্সেলোর। পরে রিয়ালে ১৬ মৌসুমের ক্যারিয়ারে জেতেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, ছয়টি লা লিগাসহ আরও অনেক শিরোপা। গত বছর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে কয়েক মাস খেলেন মার্সেলো। গেল ফেব্রুয়ারিতে ঘরের ক্লাবে ফিরে আসেন।

মার্সেলো বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিষয়টা বুঝতে পারবে। ক্লাব পর্যায়ে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা। এর চেয়ে খুশির আর কিছুই হতে পারে না। এটা অমূল্য।’