সোনায় রেকর্ডের পর রেকর্ড

ইতিহাসে সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছে সোনার দাম। ভালো মানের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। এর আগে গত ২৬ অক্টোবর সোনার সর্বোচ্চ দাম ছিল প্রতি ভরি ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা। নতুন করে সোনার দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে।

গতকাল রবিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার থেকে এটি কার্যকর করা হবে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।