বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে ছাত্রদল নেতা আটক, দাবি পুলিশের

রাজধানী পুরান ঢাকায় বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেনকে (২৯) আটক করার দাবি করেছে বংশাল থানা পুলিশ। 

রবিবার (৫ নভেম্বর) রাত নয়টায় গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে আধা কেজি গান পাউডার, এক বোতল পেট্রোল এবং তুলা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের বিষয়ে লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, রবিবার রাত আনুমানিক নয়টায় মিরপুর টু সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল সে। তখন বিষয়টি টের পেয়ে বাসের চালক ও হেলপার তাৎক্ষণিক তার উপর ঝাঁপিয়ে পড়ে হাতেনাতে ধরে ফেলে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশের দুটি টিম টহলরত অবস্থায় ছিল। এ সময় বাসের চালক হেলপারের সহযোগিতায় আমাদের পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। আমরা অধিকতর তদন্তের জন্য তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিব।