দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আজ দ্বিতীয় দিনে রাজধানীতে কম গণপরিবহন চলতে দেখা গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।
এদিন রাজধানীর গুলিস্তান, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলামোটর ও কাওরান বাজার এলাকায় খুব কম গণপরিবহন চলতে দেখা গেছে। বিশেষ করে বাস খুব কম। স্টপেজে দাঁড়ালে বেশি কিছুক্ষণ পর পর বাস আসছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। অনেককেই গাড়ির জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই অবস্থা দেখা গেছে রাজধানীর রামপুরা, মালিবাগেও। এ ছাড়া এদিন রাস্তায় ব্যক্তিগত গাড়িও খুব কম চলাচল করতে দেখা গেছে।
রামপুরা বাসস্টপেজে দাঁড়িয়ে থাকা শফিক নামে এক বেসরকারি কর্মকর্তা বলেন, অফিস করতে উত্তরায় যাব। এখনও বাস পাচ্ছি না। খুব কম বাস আসছে। যে কয়টা বাস আসছে সেগুলোতেও জায়গা নেই। গতকালও অফিসে যাতে দেরি না হয়, সেজন্য পাঠাও নিয়ে অফিসে গেছি। আজকেও হয়তো পাঠাও নিয়েই অফিসে যেতে হবে।
এর আগে, দ্বিতীয় দফায় অবরোধ শুরুর প্রথম দিন রোববারও রাজধানীতে গণপরিবহন কম ছিল। ফলে সেদিনও ভোগান্তিতে পড়েন যাত্রীরা।