গাজীপুরে মধ্যরাতে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুর মহানগরীর সদর থানাধীন জয়দেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরের সদর থানাধীন শিববাড়ির-শিমুলতলী সড়কে বটতলা এলাকায় সড়কের পাশে পার্কিং করা গাজীপুর পরিবহনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত দুইটার দিকে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আগুনের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, রাত দুইটার দিকে শিববাড়ি-শিমুলতলী সড়কে গাজীপুর পরিবহন নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত করছি।