দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চলমান অবরোধের সমর্থনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও রবীন্দ্র-নজরুল কলা ভবনে ব্যানার ঝুলিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ সোমবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।
ক্যাম্পাস সূত্র জানায়, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, রবীন্দ্র নজরুল কলা ভবনসহ বিভিন্ন ভবনের ফটকে অবরোধের ব্যানার ঝুলতে দেখা যায়। তবে আবাসিক হলগুলোতে এমন ব্যানার ঝুলানোর তথ্য পাওয়া যায়নি। এসব ব্যানারে, ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’ সংবলিত লেখা দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুন বলেন, আমরা একদফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে প্রশাসন ভবনসহ বিভিন্ন ভবনে ব্যানার ঝুলিয়ে দিয়েছি। জনগণের স্বার্থ রক্ষার্থেই আমরা এই কর্মসূচি পালন করছি। এটা দেশের সকল জনগণ ও শিক্ষার্থীদের দাবি। একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি যেন বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্থগিত রাখা হয়। ক্যাম্পাস বন্ধ না করার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে দায় নিতে হবে। আমরা মনে করি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এক দফার বিকল্প নেই।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, সকালে এমন একটি খবর পেয়েছিলাম যে ছাত্রদলের ব্যানার প্রশাসন ভবনসহ কয়েকটি ভবনে ঝুলছে। খবর পেয়ে একজন সহকারী প্রক্টরকে ঘটনাস্থলে পাঠাই। তবে তিনি গিয়ে কোনো ব্যানার পাননি। এছাড়া কোনো ভবনে তালা দেয়নি কেউ। তালা দিলে আমরা সেভাবে মুভ করতাম।