নিজের বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সরকারি এক নারী কর্মকর্তা প্রতিমা কেএস। হত্যার ঘটনায় নিহত ওই নারী কর্মকর্তার সাবেক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাত থেকে ১০দিন আগে ড্রাইভারকে চাকরিচ্যুত করেছিলেন তিনি।
সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেঙ্গালুরুতে নিজ বাসভবনে হত্যার শিকার হন সরকারি নারী কর্মকর্তা প্রতিমা কেএস। নিহত প্রতিমাকে শহরের সুব্রমণ্যপোরা এলাকায় তার বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ঘটনার সময় তার স্বামী ও সন্তান বাসায় ছিলেন না।
এনডিটিভি জানায়, ৪৫ বছর বয়সী প্রতিমা কর্নাটক সরকারের খনি ও ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছেন, ‘খুনের ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নিহতের ড্রাইভার হিসাবে কাজ করত এবং সম্ভবত ৭ থেকে ১০ দিন আগে তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।’
কিছু সূত্রের বরাতে এনডিটিভি জানায়, গত পাঁচ বছর ধরে চুক্তিভিত্তিক হিসেবে কাজে যুক্ত থাকা ওই ড্রাইভার এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে তাকে চাকরিচ্যুতের কথা জানিয়েছে এই ড্রাইভার।
আটককৃত ওই চালকের নাম কিরণ হিসাবে শনাক্ত করা হয়েছে এবং সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের পর তিনি বেঙ্গালুরু থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে চামরাজানগরে পালিয়ে যান।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন।