বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া মাত করলেও ভারতে মুখ থুবড়ে পড়েছে শাকিব খান অভিনীত প্রিয়তমা চলচ্চিত্রটি। গত শুক্রবার পশ্চিমবঙ্গের ৪০ টি সিনেমা হলে আলোচিত এই সিনেমাটি মুক্তি পায়। এই ৪০ হল্বের কোনোটিতে ভালো ব্যবসা করতে, এমনকী সন্তোষজন ব্যবসাও করতে পারছে না সিনেমাটি, এমনটাই জানালেন কলকাতায় সিনেমাটির পরিবেশক সংস্থা।
সোমবার বিকেলে পরিবেশক সংস্থা এসএসআর সিনেমাসের কর্মকর্তা সত্যদীপ সাহা বললেন, এই সিনেমার ভারতে অনুমতি সময় লেগে গেছে। বাংলাদেশের সরকারি তরফ থেকেই এমনটা হয়েছে ফলে আমরা ভারতের সেন্সর বোর্ডে জমা দিতে পারছিলাম না। ফলে আমরা এখানে সিনেমাটি অনেক দেরিতে মুক্তি দেই, আর এ কারণেই ব্যবসায় ধ্বস।
পশ্চিমবঙ্গের হলগুলোতে কেমন ব্যবসা করছে? এমন প্রশ্নের জবাবে হতাশা প্রকাশ করে সত্যদীপ সাহা দেশ রূপান্তরকে বলেন, মোটেও ভালো ব্যবসা করছে না। যা করছে তা সন্তোষজনক নয়। একটিও হল নেই যেখানে সিনেমাটি অন্তত ভালো ব্যবসা করছে।
গত রোজার ঈদে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেয়ে তুমুল ব্যবসা করে। পরে ওটিটিতেও মুক্তি পায় সিনেমাটি। সিনেমা হলে এই চলচ্চিত্রের আলোচনা ইতিবাচক থাকলেও ছোট পর্দায় দেখার পর নেতিবাচক মন্তব্য আসতে থাকে।