বিএনপি নেতাদের মনোবলের কাছে সরকার পরাজিত হবে: এ্যাব

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সর্বস্তরের নেতাকর্মীদের গ্রেপ্তার করে দলের নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। বরং নেতাদের ইস্পাত কঠিন দৃঢ় মনোবলের কাছে অতীতের মতো ভবিষ্যতেও সরকার পরাজিত হবে।’

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। 

বিবৃতিতে বলা হয়, ‘হামলা, মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। বরং কারাগারের বাইরে থাকা সর্বশেষ ব্যক্তিটি বিএনপির আন্দোলনের নেতৃত্ব দেবেন। তাই রাষ্ট্রীয় সন্ত্রাসী কার্যক্রমসহ সব ধরনের ষড়যন্ত্রমূলক কৌশল বিএনপির মত ইস্পাত কঠিন দৃঢ় মনোবলের কাছে বারবার পরাজিত হয়েছে এবং ভবিষ্যতে হবে।’

নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশের মানুষের একমাত্র দাবি তাদের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তাদের দাবিকে বাস্তবায়নের জন্য বিএনপি অত্যন্ত সচেতন ও সুশৃঙ্খলভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে আক্রমণ চালিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে সরকার। এখন একের পর এক জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করে জনগণকে ধোঁকা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায়। কিন্তু জনগন সে সুযোগ আর সরকারকে দেবে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘ গত রবিবার দিবাগত রাত ১২টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ক্যান্টনমেন্ট এলাকায় তার বোনের বাসা থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। এ সময় তার বোনের ছেলেকেও আটক করে নিয়ে যাওয়া হয়। যদিও তার বোনের ছেলে রাজনীতি করে না।’

বিবৃতিতে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদুসহ কারাবন্দি সকল রাজবন্দির মুক্তির আহ্বান জানানো হয়।