তেল উত্তোলন না বাড়ানোর সিদ্ধান্তে অটল সৌদি-রাশিয়া

ইউক্রেন যুদ্ধের জেরে তেলের বাজারে মন্দাভাব শুরু হওয়ার পর বাজার ভারসাম্য রাখতে চলতি বছরের শুরুতে অপরিশোধিত জ¦ালানি তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব ও রাশিয়া। গতকাল সোমবার পৃথক বিবৃতিতে এই সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে বিশ্বের শীর্ষ দুই তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশ। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসে হু হু করে বাড়ছিল অপরিশোধিত জ¦ালানি তেলের দাম। কিন্তু একই সঙ্গে ডলারের দামও বাড়তে থাকায় তেলের বাজারে মন্দাভাব শুরু হয় এবং লোকসানের শিকার হতে থাকে তেল উত্তোলন ও বিক্রয়কারী দেশগুলো। এ পরিস্থিতিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত জানায় রাশিয়া। এই ঘোষণার প্রায় দেড় মাস পর সৌদির জ¦ালানি তেলবিষয়ক মন্ত্রণালয় দৈনিক তেলের উত্তোলন এক কোটি ব্যারেল থেকে ৯০ লাখে নামিয়ে আনার ঘোষণা দেয়। সোমবার এক বিবৃতিতে সৌদির মন্ত্রণালয় জানায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তেলের উত্তোলন বাড়ানোর কোনো পরিকল্পনা নেই দেশটির। এ বিবৃতির কিছু সময় পর এক বিজ্ঞপ্তিতে একই সিদ্ধান্ত জানায় রাশিয়া।