‘উন্নয়নের অগ্রযাত্রা স্তব্ধ করতে বিএনপি-জামায়াত অরাজকতা তৈরি করে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আজকের বাংলাদেশ একটি পরিবর্তিত জাতিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের ফলেই বাংলাদেশের অব্যাহত এই অগ্রগতি সম্ভব হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা স্তব্ধ করতে জন্য বিএনপি-জামায়াত দেশে অরাজকতা তৈরি করে। যে দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারাই নাকি জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও অনেক সংকট ও ক্রান্তিকাল অতিক্রম করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছে, ভবিষ্যতেও ধারা অব্যাহত থাকবে। 

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৩ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান। 

দেশের ক্রান্তিকালে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আনসার বাহিনীর প্রতি সদয় ছিলেন। 

অগ্রগতি বজায় রাখতে সবাইকে দৃঢ়সংকল্প নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটে জয়যুক্ত করতে হবে। যারাই অগ্নিসন্ত্রাস ও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে প্রতিরোধ করতে হবে।