পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতায় পিটিয়ে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার আসামির নাম জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি সোমবার রাতে এসব তথ্য জানান। এ ঘটনায় এর আগেও আরও তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গণমাধ্যমকে দেওয়া এক ক্ষুদে বার্তায় কে এন রায় নিয়তি বলেন, গত ২৮ অক্টোবরের বিএনপির সমাবেশে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে ব্রিফিং করা হবে। ৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।