যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৮ বছর। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই যুবক।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে যাত্রাবাড়ী চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে অজ্ঞাতনামা কোন যানবাহন ধাক্কা দেয় তাকে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোরেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়।

তিনি আরও জানান, নিহতের পরনে ছিল টিশার্ট এবং কালো জিন্স প্যান্ট। আশপাশের কেউই তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।