টেকনাফ সীমান্ত থেকে দুই লাখ পিস ইয়াবা ও প্রায় আড়াই কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বরফকল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে দুজন ব্যক্তিকে পোটলা হাতে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পোটলা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল পোটলাটি উদ্ধার করে তার ভেতর থেকে ২.১২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করতে সক্ষম হয়।
এর আগে, গত ৫ নভেম্বর বিজিবির নাজিরপাড়া ও সাবরাং বিওপির আভিযানিকদল টেকনাফের নাজিরপাড়া আলী আকবরের ঘের নামক এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন ঘন কেওড়া বাগানে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।