গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৮৮ কর্মী নিহত

গত মাসের ৭ তারিখ থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। এক মাস ধরে চলা যুদ্ধে এখন পর্যন্ত উপত্যকাটিতে নিহত হয়েছে জাতিসংঘের ৮৮ জন ত্রাণকর্মী।

একক কোনো সংঘাতে এটিই জাতিসংঘ কর্মীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির ঘটনা বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরা।

এর আগে ২০১৪ সালে ইসরায়েল–হামাস যুদ্ধের সময় জাতিসংঘের ১১ কর্মী নিহত হয়েছিলেন।

বিবৃতিতে আবারও যুদ্ধরত পক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গত এক মাস ধরে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। ইসরায়েলি বোমার আঘাত থেকে বিদ্যালয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির—কিছুই বাদ যাচ্ছে না। এ অবস্থায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘ ১৩ হাজার ত্রাণকর্মী নিয়োগ করেছে।

এছাড়া, ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা জানিয়েছেন, গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে গত ৩১ দিনে গাজা উপত্যকায় মোট ১৫০ জন চিকিৎসা কর্মী এবং ৩৪ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী নিহত হয়েছেন। এছাড়া শতাধিক স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।