আইসিসির মাস সেরার লড়াইয়ে নাহিদা আক্তার

পাকিস্তানের বিপক্ষে মিতব্যয়ী বোলিংয়ে রেকর্ড গড়া নাহিদা আক্তারকে হাতছানি দিচ্ছে আরেকটি অর্জন। নারীদের ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। অক্টোবরের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী নিউ জিল্যান্ডের এমিলিয়া কার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস।

গত মাসের সেরার লড়াইয়ে পুরুষদের সংক্ষিপ্ত তালিকার তিনজন হলেন-ভারতের জাসপ্রিত বুমরা, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও নিউ জিল্যান্ডের রাচিন রবীন্দ্র।

চট্টগ্রামে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে ৮ উইকেট নেন নাহিদা। প্রথম ম্যাচে স্রেফ ৮ রানে ৫ উইকেট নিয়ে গড়েন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড। ২০২১ সালের নভেম্বরে প্রথমবার এই মনোনয়ন পান বাংলাদেশের সহ-অধিনায়ক। সেবার হেরে যান হেইলি ম্যাথুসের কাছে। এবার প্রথম এই পুরস্কারের হাতছানি তার সামনে।

অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন ম্যাথুস। যার পুরস্কার পেয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আলো ছড়িয়েছেন এমিলিয়া। গত বছরের ফেব্রুয়ারির পর আবারও মাস সেরার পুরস্কার জয়ের সম্ভাবনা জাগালেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার।

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ডি কক। আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৫০ রান দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যানের। সেঞ্চুরি করেছেন ৪টি। বৈশ্বিক আসরে নিজের জাত চেনাচ্ছেন রাচিন। ৩ সেঞ্চুরিতে এখন পর্যন্ত করেছেন ৫২৩ রান। আর ভারতীয় পেসার বুমরা এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন চলতি বিশ্বকাপে। চমৎকার পারফরম্যান্সই তাদেরকে এনে দিয়েছে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ মনোনয়ন।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।