যশোরের ঝিকরগাছায় রেলের ধাক্কায় গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে যশোর-বেনাপোল রেলপথের সৈয়দপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য নুর হোসেন জানান, ভোরে হাঁটতে বেরিয়ে ট্রেনে কেটে চেয়ারম্যান শাহাজাহান আলীর মৃত্যু হয়েছে। বেনাপোলগামী যাত্রীবাহী বেতনা এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বেনাপোল রেল পুলিশের উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তবে ময়নাতদন্ত ছাড়া মরদেহ চেয়েছে পরিবার। তাদেরকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি আনতে বলা হয়েছে।
বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানান ইউপি সদস্য নুর হোসেন। তিনি আরও জানান, যেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই নির্জন স্থানে আগে কখনও হাঁটতে যাননি শাহাজাহান আলী। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যাও করতে পারেন।
শাহাজাহান আলী মোড়ল ২০২১ সালের ১১ নবেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তার স্ত্রীসহ এক পুত্র ও এক কন্যা রয়েছে।