সাভারের আশুলিয়ায় ১০ বছরের শিশুকে মুড়ির মোয়া খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীরা ধরে তাকে পুলিশে সোপর্দ করে।
আটককৃত জহিরুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জ জেলার জলিল খলিফার ছেলে বলে জানা গেছে। তিনি আশুলিয়ার ভাদাইল পবনারটেক উত্তরপাড়ার মহল্লার নুরুল হকের বাড়িতে ভাড়া থেকে বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানায় ক্লিনার পদে কাজ করতেন।
ভুক্তভোগীর নানী জানায়, ভুক্তভোগীর বাবা পোশাকশ্রমিক আর মা প্রবাসী। বাবা পোশাক শ্রমিক হওয়ায় প্রতিদিনের মতো সকালে বাসায় মেয়েকে রেখে কাজে যায়। প্রতিবেশী জহিরুল ইসলাম ভুক্তভোগীদের বাড়িতে আগে থেকে যাতায়াত করতেন। সেই সুযোগে মঙ্গলবার সকালে বাসায় কেউ না থাকায় ওই শিশুকে মুড়ির মোয়া খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণেরচেষ্টা করে জহিরুল। এসময় শিশুটি ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে জহিরুল পালিয়ে যায়।
ভুক্তভোগীন দাদি বাসায় গিয়ে দেখেন তার নাতনি কান্নাকাটি করছেন। পরে নাতনির কাছ থেকে ঘটনা শুনে স্থানীয় মেম্বারকে বিচার দেন।
ঘটনা শুনে ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রকির সহায়তায় অভিযুক্তকে ধরে থানায় সোপর্দ করা হয়।
রাইসুল ইসলাম রকি বলেন, ঘটনা শুনে জহিরুলকে তার কর্মস্থল থেকে ডেকে নিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে জহিরুল সব স্বীকার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন কুমার বলেন, এ ঘটনায় জহিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।