যুদ্ধের অজুহাতে নির্বাচন চাইছেন না জেলেনস্কি

ইউক্রেনে ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এরই মধ্যে অনেকেই নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেছেন। কিন্তু যুদ্ধের অজুহাতে নির্বাচন আয়োজন করতে চান না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলছেন, যুদ্ধের মধ্যে ২০২৪ সালের নির্বাচন নিয়ে কথা বলা ‘দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।’ গত সোমবার (৬ নভেম্বর) দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় নির্বাচনের সম্ভাবনা এক প্রকার নাকচ করে জেলেনস্কি বলেন, ‘আমরা সবাই জানি যে, দেশে এখন যুদ্ধাবস্থা। এখন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই মুহূর্তে নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনায় যুক্ত হওয়া একেবারেই দায়িত্বজ্ঞানহীন।’ তিনি আরও বলেন. ‘আমাদের বোঝা দরকার যে, এখন প্রতিরক্ষার সময়, যুদ্ধের সময়, যার ওপর রাষ্ট্র ও এর জনগণের ভাগ্য নির্ভর করছে। আমি বিশ্বাস করি যে এই সময় নির্বাচনের জন্য উপযুক্ত নয়।’ প্রসঙ্গত, ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক কৌতুকাভিনেতা ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতার তৃতীয় বছরের মাথায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যদিয়ে যুদ্ধে জড়ায় ইউক্রেন। যে যুদ্ধ টানা দেড় বছরেরও বেশি সময় ধরে চলছে। এর মধ্যে আবার জেলেনস্কি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠছে।