ছারপোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ। হঠাৎ রক্তচোষা এই কীটের প্রাণীর প্রাদুর্ভাবে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, গত ৫ নভেম্বর পর্যন্ত রাজধানী সিউল, বুসান ও ইনচেওন শহরের অন্তত ১৭টি জায়গায় ছারপোকা প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় ৫০ কোটি ওন (৩ লাখ ৮৩ হাজার ডলার) তহবিল ঘোষণা এবং একটি বিশেষ দল মাঠে নামিয়েছে সিউল কর্র্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার আগে ফ্রান্স এবং যুক্তরাজ্যেও আতঙ্ক তৈরি করেছিল ছারপোকা। সাম্প্রতিক প্রাদুর্ভাবের আগে ১৯৬০-এর দশকে দক্ষিণ কোরিয়ায় দেশব্যাপী অভিযান চালিয়ে ছারপোকা নির্মূল করা হয়েছিল বলে ভাবা হতো। কিন্তু গত সেপ্টেম্বরের শুরুর দিকে দায়েগু শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ফের ছারপোকার উৎপাত শুরুর খবর পাওয়া যায়। ছারপোকার ভয়ে দক্ষিণ কোরিয়ার বহু মানুষ আজকাল সিনেমা হল ও গণপরিবহন এড়িয়ে চলছেন।