মুক্তির আগেই 'জওয়ান'কে ছাপিয়ে গেল রণবীরের 'অ্যানিম্যাল'

আগামী ডিসেম্বরে মুক্তি পাবে 'কবির সিং' খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি 'অ্যানিম্যাল'। বছরের প্রথমেই মুক্তি পেয়েছিল ছবির টিজার। ছবিতে একেবারে অন্য লুকে দেখা যাবে রণবীর কাপুরকে। হাতে কুড়াল, রক্তমাখা মুখ, বড় চুল। রোমান্টিক হিরোর খোলস ছেড়ে তিনি এখন অ্যাকশন হিরো হওয়ার পথে। 

এটি রণবীরের প্রথম অ্যাকশন ছবি। আর প্রথমবারই প্রতিদ্বন্দ্বী হিসাবে বেছে নিয়েছেন শাহরুখ খানকে! মুক্তির আগেই একটি ব্যাপারে 'জওয়ান'কে ছাপিয়ে গেল রণবীরের 'অ্যানিম্যাল'।

প্রথমবার রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে নতুন জুটিকে বড় পর্দায় দেখার ব্যাপারে। ইতিমধ্যেই ছবির 'হুয়া ম্যায়' ও 'সাতরঙ্গা' গান দুটি ঘুরছে মুখে মুখে। এ ছাড়াও 'কবির সিং' ছবির সাফল্য ও পাশপাশি ছবিটি নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণে এর দিকে তাকিয়ে আছেন অনেকেই।

08-11-2023--0003

ভারতের পাশাপাশি আমেরিকাতেও মুক্তি পাচ্ছে ছবিটি। 'অ্যানিম্যাল' প্রথম হিন্দি ছবি যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে 'জওয়ান' ও 'ব্রহ্মাস্ত্র'র মতো ছবিগুলো সে দেশে মুক্তি পেয়েছে। যার মধ্যে 'জওয়ান' পেয়েছিল ৮৫০টি ও 'ব্রহ্মাস্ত্র' পেয়েছিল ৮১০টি প্রেক্ষাগৃহ। সে দিক থেকে দেখলে, এখানেই 'জওয়ান'কে ছাপিয়ে গিয়েছে 'অ্যানিম্যাল'।

রণবীর-রশ্মিকা ছাড়াও ছবিতে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরির মতো তারকারা। ১ ডিসেম্বর মুক্তি পাবে 'অ্যানিম্যাল'। পাশাপাশি, ডিসেম্বরেই আসছে শাহরুখ খানের এই বছরের তিন নম্বর ছবি 'ডাঙ্কি'ও। এবার দেখার, বক্স অফিসে 'অ্যানিমাল'কে 'ডাঙ্কি' ছাপিয়ে যায় কি না!