আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এখন নকআউট পর্বের দিকে এগোচ্ছে। সেমিফাইনালের চতুর্থ স্থান নিশ্চিতের জন্য লড়াইটা আকর্ষণীয় হয়ে উঠেছে। আসরের এমন পর্যায়ে এসে আমরা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের একটি অসাধারণ ইনিংসের সাক্ষী হয়েছি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে উঠেছে। বাকি থাকা একমাত্র আসনের জন্য প্রতিযোগিতা জমে উঠেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে।
সেরা চার নির্ধারণের এ লড়াইয়ের আগে আমরা ক্রিকেট মাঠে একটি অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্সের সাক্ষী হয়েছি। আমি বলতে পারি এটা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে অসাধারণ ইনিংসগুলোর একটি। কখনো হাল না ছেড়ে দেওয়ার এক দৃঢ় উদাহরণ। ইনজুরি সত্ত্বেও লড়াইয়ের কী অসাধারণ মনোভাব। হ্যাটস অব টু গ্লেন। এটা সত্যিই অবিশ্বাস্য। যদিও আফগানিস্তান দ্বিতীয়ার্ধে ভালো শুরু করেছিল এবং ভালো নৈপুণ্য প্রদর্শন করেছিল। কিন্তু শেষ ২৫ ওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। শেষ ২৫ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যতিক্রমী পারফরম্যান্স ম্যাচটি অস্ট্রেলিয়ার পক্ষে ঘুরিয়ে দেয় এবং গ্লেন ইতিহাসের পাতায় তার অবস্থান নিশ্চিত করেন।
আগামী কয়েক দিন সেমিফাইনালের শেষ জায়গাটির জন্য লড়াই হবে। নিউজিল্যান্ড দৌড়ে কিছুটা এগিয়ে থাকলেও এখনো নিশ্চিত নয়। তারা সুন্দরভাবে টুর্নামেন্ট শুরু করে শিরোপার অন্যতম দাবিদার ছিল। কিন্তু মাঝপথে গতি হারায়। শেষ চারটি ম্যাচ হেরে নিজেদের সেরা চারে থাকার সমীকরণ কঠিন করে তুলেছে নিউজিল্যান্ড। লিগপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা। সেমিফাইনালে উঠতে হলে ব্ল্যাকক্যাপসদের জন্য ম্যাচটা জিততেই হবে। নেট রানরেট বিবেচনায় সুবিধা তাদের কম। যদি তারা শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারে তাহলে তা পাকিস্তান ও আফগানিস্তানের জন্য সমীকরণ আরও জটিল করে তুলতে পারবে।
অন্যদিকে বাবর আজমের পাকিস্তান বৃষ্টি প্রভাবিত ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে। আফগানিস্তান আরেকটি অঘটন ঘটাতে পারলে কিংবা বৃষ্টির কারণে নিউজিল্যান্ড এক পয়েন্ট খোয়ালে তাদের শেষ চারে যাওয়ার পথ কিছুটা সহজ হবে। পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচটি সবার শেষে হওয়ায় একটি সুবিধা হয়েছে পাকিস্তানের। ওই ম্যাচে তাদের কী করতে হবে তা জেনেই মাঠে নামতে পারবে। যদি নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারায় যা আমরা এই টুর্নামেন্টে কিউইদের দলীয় শক্তি ও পারফরম্যান্স বিবেচনায় আশা করছি। তাহলে বাবর আজমের দলের কেবল ইংল্যান্ডকে হারালে চলবে না, নিউজিল্যান্ডের চেয়ে রানরেটে এগিয়ে যেতে বিশাল ব্যবধানে বিজয়ী হতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে হারের পর আফগানিস্তানের জন্য পরিস্থিতি অনেক কঠিন হয়ে গেছে। নেট রানরেট বিবেচনায় তারা এই তিন দলের মধ্যে একদম তলানিতে রয়েছে।
আগামীকালের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সবটুকু দিয়ে খেলতে হবে নিউজিল্যান্ডকে। রচিন রবীন্দ্রর সেরা ফর্মে থাকা এবং ব্যাটিং জিনিয়াস কেন উইলিয়ামসনের প্রত্যাবর্তনে তাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট গোছানো। দলের যখনই প্রয়োজন হয়েছে ড্যারিল মিচেল এবং কনওয়ে তা মেটানোর জন্য এগিয়ে এসেছেন। ল্যাথাম এখনো তার সেরা ছন্দে না এলেও দলটির একটি শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় বোলারদের সমন্বয়ে গড়া বোলিং আক্রমণও বৈচিত্র্যময়। চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং ফ্রেন্ডলি পিচে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যা-ই হোক, সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে নিউজিল্যান্ডের ভালো রানরেটের সঙ্গে ম্যাচটি জিততেই হবে।