বিএনপি-জামায়াতের ‘সহিংসতা ও সাধারণ মানুষকে হয়রানির’ প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতা রুখে দাঁড়াও নারী সমাজ’ শীর্ষক এই মানববন্ধন হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। তিনি বলেন, ‘২৮ তারিখ পুলিশ সদস্য পারভেজকে হত্যা করা হয়। তার শিশুসন্তানের আর্তনাদে এমন কোনো মানব হৃদয় নেই যেখানে নাড়া দেয়নি। কিন্তু তার এই আর্তনাদ বিএনপি-জামায়াতের কানে পৌঁছায়নি। তারা এরপরও হরতালের নামে অবরোধের নামে, গাড়িতে আগুন দিয়েছে, মানুষকে পুড়িয়েছে। যারা মানুষ হত্যা করে তাদের সঙ্গে সংলাপ হবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ২৮ তারিখ মহিলাদের ওপর হামলা চালিয়েছে। তাদের বর্বরতা থেকে রেহাই পাননি সাংবাদিক, পুলিশ কিংবা সাধারণ মানুষ। আজ মহিলা আওয়ামী লীগ বিএনপি-জামায়াতকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, শেখ হাসিনার বাংলাদেশে জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসের জায়গা নেই। মানুষের ভাগ্য নিয়ে যারা খেলতে আসবে, যারা গাড়িতে আগুন দিতে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দিতে রাজপথে নেমেছে মহিলা আওয়ামী লীগ।’