চট্টগ্রামে গত ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠনের ২৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগরের ১০ থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান মহানগর বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩টি মামলার মধ্যে চান্দগাঁও থানায় একটি, পাঁচলাইশ থানায় একটি, বায়েজিদ বোস্তামি থানায় তিনটি, আকবর শাহ থানায় দুটি, খুলশী থানায় একটি, পাহাড়তলী থানায় একটি, ইপিজেড থানায় একটি, কোতোয়ালী থানায় একটি, হালিশহর থানায় একটি ও পতেঙ্গা থানায় একটি।
নগর বিএনপির সাবেক উপ-দপ্তর সম্পাদক ও বর্তমানে দপ্তরের সমন্বয়ক মো. ইদ্রিস আলী জানান, বিএনপির তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। সবাইকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগ নানা ধরনের নাশকতা করে দায় বিএনপির ওপর চাপাচ্ছে। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির এক দফার আন্দোলনে ভীত। তাই চট্টগ্রামে গণ গ্রেপ্তার শুরু করেছে সরকার।