দিনে স্বাভাবিক রাতে আগুন

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল বুধবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকায় তিনটি বাসে অগ্নিসংযোগের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ভাঙচুর, সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলায় চালকের সহকারীসহ (হেলপার) দুজন দগ্ধ হয়েছেন। অন্যদিকে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে সবশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বুধবার সন্ধ্যা) আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নতুন করে ৪৪ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। তবে বিএনপির দাবি, সবশেষ ২৪ ঘণ্টায় তাদের ৫১৫ কর্মীকে আটক করা হয়েছে।

এদিকে তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর সড়কে যানবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। শুধু গণপরিবহনের সংখ্যা ছিল কম। দেশের অন্য বড় শহরগুলোর চিত্রও ছিল প্রায় একই রকম। তবে দূরপাল্লার বাস চলাচল ছিল হাতেগোনা। অবশ্য মহাসড়কে ছোট ছোট যানবাহন ও পণ্যবাহী যান অবাধে চলাচল করেছে। যানবাহনের নিরাপত্তায় পুলিশ ও র‌্যাব মহাসড়কে টহল জোরদার করেছে। গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা হামলায় দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল ভোর ৪টার দিকে নাগরী ইউনিয়নের গলান এলাকায় ঢাকা-বাইপাস সড়কে এই হামলার ঘটনা ঘটে। দগ্ধরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নিউ টাউন এলাকার একটি কোম্পানির ট্রান্সপোর্ট মেকানিক বিপ্রজিৎ বাওয়ালী (২০) ও একই কোম্পানির কাভার্ড ভ্যানচালকের সহকারী মো. আনোয়ার হোসেন (৪৮)। দগ্ধরা জানান, বগুড়ায় তাদের কোম্পানির একটি কাভার্ড ভ্যান অকেজো হয়ে পড়লে গতকাল সোনারগাঁ থেকে বগুড়া যান বিপ্রজিৎ। সেখানে গাড়িটি মেরামত করে অন্য একটি খালি কাভার্ড ভ্যানে নারায়ণগঞ্জ ফিরছিলেন। তার সঙ্গে ফিরছিলেন আনোয়ার হোসেনও। ভোরে কালীগঞ্জ দিয়ে আসার পথে প্রধান সড়কের পাশের একটি গলি থেকে ৭-৮ জন লাঠিসোঁটা নিয়ে এসে তাদের গাড়ির সামনে গ্লাসে আঘাত করে। তখন চালক ভয়ে গাড়ি থামিয়ে নেমে পড়েন। এ সময় হামলাকারীরা পেট্রোলবোমা গাড়ির কেবিনের অংশে নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এমন পরিস্থিতিতে গাড়ির কেবিন থেকে নামতে নামতেই তারা দুজনই দগ্ধ হন। নামার সময় হকিস্টিক দিয়ে আনোয়ারের পায়ে আঘাত করে তারা। গাড়ি থেকে নামার পর হামলাকারীরা চলে গেলে আশপাশের লোকজন তাদের শরীরের আগুন নেভান। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকেই অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয় তাদের। এ ঘটনার পর সন্ধ্যায় জেলার শ্রীপুরের মাওনার এমসি বাজারে শর্মিলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া জেলার কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করে যুবদল। বরগুনার আমতলীতে সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আরপাঙ্গাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি তালতলী থেকে ঢাকায় যাচ্ছিল।

বগুড়ার বারপুর ঝোপগাড়ি এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এ সময় ককটেলের স্পিøন্টারের আঘাতে চালক রফিকুল ইসলাম আহত হন। এ ছাড়া সদরের সাবগ্রামে ঢাকা-রংপুর মহাসড়কে মিছিলে পুলিশের রাবার বুলেটে ১০ জন আহত হওয়ার দাবি করেছে জামায়াতে ইসলামী।

সুনামগঞ্জে দুটি বাস ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন বিএনপি নেতাকর্মীরা। রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। অন্যান্য অবরোধের মতো নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা। ফেনীতে গতকাল ভোরে ফেনী সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল।

দূরপাল্লার বাস ছাড়া মহাসড়কে চলেছে সব যান : গাজীপুর হয়ে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোনো বাস চলাচল না করলেও লোকাল বাস, কাভার্ড ভ্যান, লরি, ট্রাকসহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে ব্যক্তিগত যান চলেছে অন্যদিনের তুলনায় কিছুটা কম। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন ও পণ্যবাহী যান অবাধে চলাচল করেছে। যানবাহনের নিরাপত্তায় পুলিশ ও র‌্যাব মহাসড়কে টহল জোরদার করেছে। বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের রাবনা বাইপাসে অবরোধ প্রতিরোধে অবস্থান কর্মসূচি ও শান্তি মিছিল করে আওয়ামী লীগ। রাজশাহীতে অটোরিকশা ও রিকশা চলাচল করছে অন্যান্য দিনের মতোই। তবে দূরপাল্লাসহ আন্তঃজেলা রুটে বাস, ট্রাক চলাচল বন্ধ ছিল। দিনের বেলা কোনো রুটেই ট্রাক চলাচল না করলেও রাতে ট্রাকে পণ্য আনা-নেওয়ার কাজ চলেছে। তৃতীয় দফার অবরোধ রংপুরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। যাত্রীসংকট থাকায় দূরপাল্লার বাস সীমিত আকারে চলেছে। এ ছাড়া ট্রেন ও আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক ছিল। মুন্সীগঞ্জে পদ্মা সেতু হয়ে যান চলাচল ছিল সীমিত।

ধরপাকড় অব্যাহত : গাজীপুরের কালিয়াকৈরে পিকেটিংয়ের সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল (৬৫) ও একই উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নাশকতার মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রামে গত ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠনের ২৫০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে দলটির পক্ষ থেকে। র‌্যাব জানিয়েছে, গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতায় জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে গাড়ি পোড়ানো-সহিংসতার অভিযোগে গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতের ১৬৯৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে গ্রেপ্তার হওয়াদের মধ্যে অনেকের স্বজন বলেছেন, সন্দেহভাজন হিসেবে আটক করে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়েছে।

রাজধানীর চিত্র : রাজধানীতে গতকাল তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর কিছু সময়ের মধ্যে রাত ৮টার দিকে বনানীতে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এরপর ধানম-ির জিগাতলায় পৌনে ১০টার দিকে রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অবরোধের সমর্থনে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। সকাল সাড়ে ৭টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে পিকেটিং করেন। ছাত্রদলের সহসভাপতি নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে গুলশানে মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে গুলশানে মিছিল করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সকালে ফার্মগেট এলাকায় মিছিল করে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ছাড়া বিচ্ছিন্নভাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছেন।

সকালে সড়ক অবরোধ করলে পুলিশ জামায়াতে ইসলামীর ৩ কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। এ ছাড়া রাজধানীর মিরপুর পল্লবী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

দুপুর সাড়ে ১২টায় মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। পুরানা পল্টন, বিজয়নগর এলাকায় মিছিল করেছে ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট। এ ছাড়া অবরোধের সমর্থনে বিজয়নগর এলাকায় কালো পতাকা মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টির (এবি) নেতাকর্মীরা। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বিকেল ৩টায় মিছিল করেছেন গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির নেতাকর্মীরা।

এদিকে বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘মাগুরার মোহাম্মদপুর উপজেলাধীন নহাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রিয়াজকে গত মঙ্গলবার সন্ধ্যায় পিটিয়ে হত্যা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে গত ২৭ অক্টোবর রিয়াজের আপন বড় ভাই শরিফুল এবং ভাতিজা নহাটা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি জিহাদকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে ১৮টি এবং আসামি করা হয়েছে ১৯১২ জনের বেশি নেতাকর্মীকে। আহত হয়েছেন ৬৫ জনের বেশি নেতাকর্মী।’

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছে চট্টগ্রাম ব্যুরো, নিজস্ব প্রতিবেদক রাজশাহী এবং সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিরা।