মজুরি প্রত্যাখ্যান করে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ছুটি

সাভারের আশুলিয়ায় নতুন ঘোষিত নূন্যতম মজুরি প্রত্যাখান করে বিক্ষোভ করেছে তৈরী পোশাকশ্রমিকরা। বিক্ষুদ্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এসময় পরিস্থিতি সামাল দিতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদেরকে ছুটি ঘোষণা করে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরের পর থেকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার কারখানা গুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করে। একপর্যায়ে বেলা ১১টার পর নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরি বোর্ড ঘোষিত নূন্যতম মজুরি ১২,৫০০ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কাজ বন্ধ করে দেয়। এসময় শ্রমিকরা কাজ না করায় বেশ কয়েকটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরবর্তীতে কারখানা থেকে বের হয়ে এসব শ্রমিকদের বড় একটি অংশ নিজ নিজ বাসায় চলে গেলেও আরেকটি অংশ আশুলিয়ার নরসিংহপুর এলাকার বাইপাইল-আব্দুল্লাহপুর  সড়কের শারমিন গ্রুপের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, নরসিংহপুর ও কাঠগড়া এলাকার বেশকিছু কারখানার শ্রমিক কাজ বন্ধ করে দিলে কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে। পরবর্তীতে কিছু শ্রমিক রাস্তায় অবস্থান নিলে আমরা তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছি। তবে কিছু জায়গায় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে আমরাদের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।