কেইনের জোড়ায় বায়ার্নের জয়

শুরু থেকে একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না বায়ার্ন মিউনিখ। শেষ পর্যন্ত হ্যারি কেইনের জোড়া গোলে তারা নিশ্চিত করেছে জয়।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার ২-১ গোলে জেতা বায়ার্ন চার ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে উঠল নকআউট পর্বে।

খেলার ৫৩তম মিনিটেও কেইনের শট কাছের পোস্টে লেগে প্রতিহত হয়। এই ইংলিশ ফরোয়ার্ডই ৮০তম মিনিটে খোলেন ম্যাচের ডেডলক। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণও করেন তিনি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গালাতাসারাই এক গোল শোধ করলেও আটকাতে পারেনি বায়ার্নকে। 

'এ' গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্বে উঠেছে বায়ার্ন। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করেছে বুন্দেসলিগার দলটি।

চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো কোপেনহেগেন, ভালোভাবে বাঁচিয়ে রাখল নকআউট পর্বের আশা। তাদের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গালাতাসারাই। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে ইউনাইটেড।