অন্তত ১৩০টি টানেল ধ্বংস, গাজাবাসীকে হামাসের খপ্পর ছাড়ার আহ্বান আইডিএফের

এক মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান চালিয়ে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের অন্তত ১৩০টি টানেল ধ্বংসের দাবি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের মতে, এসব সুড়ঙ্গ হামাসের যোদ্ধারা ব্যবহার করতেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

সামাজিক মাধ্যম টেলিগ্রাম পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের সামরিক প্রকৌশলীরা শত্রুপক্ষের অস্ত্র ধ্বংসের পাশাপাশি শত্রুদের ব্যবহার করা সুড়ঙ্গ শনাক্ত ও ধ্বংস করছে।

এছাড়া আরেকটি পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে, তাদের সৈন্যরা গাজার উত্তর-পূর্ব কোণে বেইত হানুন এলাকায় একটি স্কুলের কাছে আরও একটি টানেল ধ্বংস করেছে।

অন্যদিকে ইসরায়েলের দাবি উত্তর গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস। আর তাই এই এলাকা নিরাপদে থাকতে অন্যত্র সরে যাচ্ছে বাসিন্দারা।

বুধবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, উত্তর গাজা থেকে মানুষ সরে যাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে যে এই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস এবং মানুষ আরও বুঝতে পেরেছে যে দক্ষিণে আরও নিরাপদ এবং সেখানে তাদের জন্য পানি, খাবার এবং ওষুধ রয়েছে।

ব্রিফিং এ তিনি গাজার বেসামরিক নাগরিকদের আড়ালে লুকিয়ে রয়েছে হামাস বলে মন্তব্য করেন। তিনি বলেন, হামাসের নেতারা গাজার জনসংখ্যা থেকে "বিচ্ছিন্ন" এবং শুধুমাত্র তাদের নিজেদের বেঁচে থাকার চিন্তা করে।

হাগারি আরও জানান যে, “উত্তর থেকে দক্ষিণে যাওয়ার রুট যা গত কয়েকদিন ধরে কয়েক ঘন্টার নির্দিষ্ট জানালার জন্য খোলা হয়েছিল তা আগামীকাল ও খোলা থাকবে। এ সময় তিনি গাজার জনগণকে "হামাসের খপ্পর ছেড়ে দেওয়ার" আহ্বান জানান।

তিনি বলেন, আজ ৫০ হাজার মানুষ গাজা সিটি এলাকা ছেড়েছে।