আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা শেষে আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা জানান।
নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'সম্ভাব্য সময় আমরা তাকে জানিয়েছি। নির্বাচন আসন্ন এবং শেষ যে সময়টা উনিও জানলেন। যেকোনো মূল্যে আমাদের যে সময়সীমা ২৯ জানুয়ারির আগেই করতে হবে। আমরা জানিয়েছি, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা আজকে তার সঙ্গে সাক্ষাৎ করে গেলাম, কথা বলে গেলাম, মত বিনিময় করে গেলাম। আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করব।'
তফসিল ১৫ নভেম্বরের পরে নাকি আগে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেইনি। দ্রুত আমরা তফসিল ঘোষণা করব। কারণ সময় হয়ে গেছে। আর নির্বাচনের ব্যাপারে আপনারা জানেন, আমরা যেটা বলেছি, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে; আমরা এখনো সেই অবস্থানে আছি। আমরা বসে চূড়ান্ত যখনই করব, আপনাদের জানাব।'