হামাসের হাতে বন্দী প্রায় এক ডজন জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় তিন দিনের মানবিক যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য আলোচনা চলছে হামাস-ইসরায়েলের। আর এই আলোচনার মধ্যস্থতা করছে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, হামাসের কাছ থেকে ১০ থেকে ১৫ জন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে তিনদিন যুদ্ধবিরতির আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মিসরের এক কর্মকর্তা ও একজন কূটনীতিক।
এই চুক্তি বাস্তবায়ন হলে গাজায় আটকে থাকা ২৩ লাখ ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবে অবরুদ্ধ অঞ্চলটিতে সীমিত পরিমাণে জ্বালানীসহ আরও মানবিক সহায়তা প্রবেশে সক্ষম হবে।
এদিকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে যে, হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে কাতার। এমনকি সম্প্রতি চার জিম্মিকে ইসরায়েলের হাতে হস্তান্তরের বিষয়ে আলোচনাও হয়েছে। তাদের দু’জন ইসরায়েলি এবং দু’জন মার্কিন নাগরিক।
হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরু থেকেই দুই পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে যেমন বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ঠিক তেমনি হামাসের রাজনৈতিক অফিসও কাতার থেকে পরিচালিত হয়।
এদিকে হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০ হাজার ৫৬৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৪ হাজার ৩২৪ জন শিশু, ২ হাজার ৮২৩ জন নারী রয়েছেন।
এছাড়া উপত্যকাটিতে এখনও নিখোঁজ রয়েছে ২ হাজার ৫৫০ জন। যাদের মধ্যে ১ হাজার ৩৫০ জন শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।