গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার মাঝরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর এলাকার ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন দেখে আশপাশের বেশ কয়েকজন এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি পড়ে থাকতে দেখে। তবে কাভার্ড ভ্যানের চালককে সকালে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন দোকানি জানান, ভোর রাতে মহাসড়ক ঘেঁষা এলাকায় মানুষজন কম থাকে। মহাসড়কে দূরপাল্লার বাস বেশি চললেও ভোরে সে মাত্রা কমে যায়। ভোরে একটি ট্রাকে (কাভার্ড ভ্যানে) আগুন জ্বলতে দেখে অনেকে এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে লোকজন কম থাকায় সেই চেষ্টা তেমন কাজে আসেনি।
এর আগে গতকাল সন্ধ্যায় মাওনার রঙ্গিলা বাজার এলাকায় একটি কারখানার শ্রমিক বহনকারী বাসে আগুন দেয় দুর্বত্তরা। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভায়। খুব দ্রুত আগুন বড় আকারে ছড়িয়ে পড়ায় এটি পেট্রোল দিয়ে আগুন ধরানো হতে পারে বলে তাদের ধারণা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ওসি (ট্রাফিক) আনোয়ার হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।